জীবন্ত দহন
মেয়েটি—বাঁচতে চেয়েছিল,
হায়দ্রাবাদের মেয়েটি সেদিন বাঁচতে চেয়েছিল। জ্বলন্ত অগ্নিশিখায়—জীবন্ত দহন, প্রবল কান্নার ঢেউ, তবুও নিভল না চিতার আগুন, বন্য পশুদের উদ্দাম উল্লাস, বন্য শরীরে কাঁচা রক্ত মাংসের ঘ্রাণ, সমাজের চোখ—ব্যস্ত তখন টিভি’র পর্দায়, মেয়েটি বাঁচতে চেয়েছিল, বাঁচালো না কেউ, কেন?
কি নাম—সে অরণ্যের?
তবে কি পশুর রাজত্বে আমাদের বাস! বার বার কেন আমরাই পুড়ি, বার বার কেন আমরাই মরি, লক্ষ লক্ষ ধর্ষিতা লাশ দেখেছি আমরা, আর নয়—এবার মরতে হবে ওদের আমরাই সাজাব ওদের চিতা
প্রকাশ্য রাজপথে, আর প্রতিবাদ নয়, মোমবাতির মিছিল নয়, অন্ধ আদালতে বিচার ভিক্ষাও নয়, আমরাই করে নেব বিচার আমাদের। ওঠো নারী, জাগো নারী, ত্রিশূল তুলে নাও দশ হাতে অসুর-নিধন-যজ্ঞ শুরু করে দাও। আমরা শক্তি, আমরা মায়ের জাত, জন্ম যদি দিতে পারি, মৃত্যু কেন নয়?